নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের তীব্র অসন্তোষ ও প্রকাশ্য বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মাথায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে অবমুক্ত করা হয়েছে। তাকে খুলশী থানা থেকে সরিয়ে সিটি স্পেশাল ব্রাঞ্চে (সিটিএসবি) বদলি করা হয়। গতকাল রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
একই আদেশে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে। আর আকবরশাহ থানার ওসির দায়িত্ব পেয়েছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে খুলশী থানার ওসির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। খুলশী এলাকার তালিকাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে মেয়রের গাড়িবহর ব্যবহার সংক্রান্ত একটি গুঞ্জন ছড়ানোর পর মেয়র এই সংবাদ সম্মেলন ডাকেন।
সংবাদ সম্মেলনে মেয়র ওসির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “তিনি (আবদুর রহিম) কীভাবে খুলশীর ওসি হলেন?” মেয়রের অভিযোগ, আবদুর রহিম বিগত সরকারের আমলে বাকলিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালীন বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করেছিলেন। মেয়রের এই কড়া বক্তব্যের পর রাতেই ওসির বদলির আদেশ আসায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের একটি পক্ষ বিষয়টিকে নিয়মিত বদলি হিসেবে দাবি করলেও, মেয়রের বক্তব্যের পর পরই এই তড়িঘড়ি পদক্ষেপকে শহরের রাজনৈতিক ও প্রশাসনিক মহল ‘মেয়রের চাপ ও ক্ষোভের প্রতিফলন’ হিসেবেই দেখছেন।
খুলশী থানায় মাত্র ১ মাস ১০ দিন দায়িত্ব পালনের পর পরিদর্শক মো. আবদুর রহিমকে বিদায় নিতে হলো। অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া ওসি মো. কামরুজ্জামান আজই খুলশী থানার চার্জ বুঝে নিতে পারেন বলে থানা সূত্রে জানা গেছে।










