নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোসহ ৩টি সুনির্দিষ্ট শর্ত পূরণ না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম দিল্লির প্রতি ঢাকার এই অনড় অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দ্বিপাক্ষিক ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক স্তরে যোগাযোগ চলছিল। কিন্তু সম্প্রতি ভারতের রাজধানী নতুন দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আশ্রয়প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন ও রাজনৈতিক মতবিনিময়ের পর এই প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ঢাকা মনে করছে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
ব্রিফিংয়ে মুখপাত্র এ কে -এম শহীদুল করিম ঢাকার পক্ষ থেকে যে ৩টি প্রধান শর্তের কথা উল্লেখ করেছেন, সেগুলো হলো:
মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অবিলম্বে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হস্তান্তর করতে হবে।
ছাত্রনেতা শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং ভারতে পালিয়ে থাকা আসামিদের দ্রুত চিহ্নিত করে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে ফেরত পাঠাতে হবে।
বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত বৈধ সরকারের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীর যেকোনো ধরনের উস্কানিমূলক বা রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করে সফরের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে সাম্প্রতিক বৈঠকেও এই প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ বর্তমানে এই ৩ শর্তের বিপরীতে দিল্লির আনুষ্ঠানিক ও ইতিবাচক পদক্ষেপের জন্য অপেক্ষা করছে, যার ওপরই প্রধানমন্ত্রীর এই সফরের ভবিষ্যৎ নির্ভর করছে।
শর্ত পূরণ ও অনুকূল পরিবেশ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নয়: স্পষ্ট জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
জনপ্রিয় সংবাদ











