বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠের লড়াইয়ে উদ্বুদ্ধ করতে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের ফুটবল দলের খেলোয়াড়দের বুট সংকট দূর করতে নিজ উদ্যোগে ১৮ জোড়া মানসম্মত ফুটবল বুটসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন তিনি। সংসদ সদস্যের এমন আন্তরিক উপহারে হলের সাধারণ শিক্ষার্থী ও ফুটবলারদের মাঝে এখন আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, গত ২২ আগস্ট আলাওল হল মাঠে আয়োজিত ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান । তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচ চলাকালীন তিনি লক্ষ্য করেন, ফাইনালের দুই দলের কোনো খেলোয়াড়ের পায়েই পেশাদার ফুটবল বুট নেই। খালি পায়ে কিংবা সাধারণ জুতো পরেই তারা মাঠ মাতাচ্ছে। শিক্ষার্থীদের ফুটবলের প্রতি এমন নিখাদ ভালোবাসা এবং একই সঙ্গে বুটের এই তীব্র সংকট সংসদ সদস্যের মন ছুঁয়ে যায়। তিনি তাৎক্ষণিকভাবে ফাইনাল মঞ্চ থেকেই প্রতিশ্রুতি দেন—খেলোয়াড়দের এই সংকট তিনি নিজেই দূর করবেন।
সেই প্রতিশ্রুতিরই সফল বাস্তবায়ন ঘটল সম্প্রতি। সাঈদ আল নোমান। তাঁর দেওয়া কথা রেখে আলাওল হলের ফুটবল দলের খেলোয়াড়দের জন্য এক সেট প্রিমিয়াম কোয়ালিটির ক্রীড়াসামগ্রী পাঠান, যার মধ্যে রয়েছে ১৮ জোড়া আধুনিক ফুটবল বুট।
এমপির এই ভালোবাসার উপহার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আলাওল হলের ফুটবলাররা। আলাওল হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরনবী হাসান এবং খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক বনি আল আমিন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের হলের খেলোয়াড়দের জন্য এটি একটি বড় পাওয়া। বর্তমান সময়ে তরুণদের মাঠের খেলাধুলায় ধরে রাখতে এমন উৎসাহের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রতি সংসদ সদস্য সাঈদ আল নোমানের এই আন্তরিকতা ও ত্বরিত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং সুস্থ মানসিক বিকাশের জন্য মাঠের ফুটবলকে চাঙ্গা করা অত্যন্ত জরুরি। আর চবির আলাওল হলের এই ঘটনা প্রমাণ করে যে, জনপ্রতিনিধিরা একটু সদয় দৃষ্টি দিলেই বদলে যেতে পারে মাঠের চিত্র, চাঙ্গা হতে পারে ক্যাম্পাস ফুটবলের সোনালী দিনগুলো।












