নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামকে ২০৫০ সালের মধ্যে একটি বিশ্বমানের নান্দনিক ও পরিকল্পিত মেগাসিটি হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাব। বন্দরনগরীর জন্য প্রণীত নতুন ২৫ বছরের মহাপরিকল্পনা (২০২৫-২০৫০ খসড়া মাস্টারপ্ল্যান) বাস্তবায়ন এবং আবাসন খাতের সংকট নিরসনে দুই পক্ষের মধ্যে এক নীতিগত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত বুধবার সন্ধ্যায় নগরের রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে এই উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। সভায় সিডিএর নতুন মাস্টারপ্ল্যানের বিভিন্ন কারিগরি দিক, জোনভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং পরিকল্পিত নগর গঠনে বেসরকারি খাতের অংশীদারিত্ব নিয়ে বিশদ আলোচনা হয় ।
সভায় সিডিএর পক্ষ থেকে জানানো হয়, নতুন মহাপরিকল্পনায় মূল শহরের ওপর থেকে জনসংখ্যার চাপ কমাতে আশেপাশের উপশহরগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার মতো এলাকাগুলোকে ভিন্ন ভিন্ন ‘জোনে’ ভাগ করে সুনির্দিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে একদিকে যেমন মূল শহরের ওপর আবাসন ও সেবামূলক চাপ কমবে, অন্যদিকে প্রান্তিক পর্যায়ে পরিকল্পিত নগরায়ন ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
সভায় সভাপতির বক্তব্যে রিহ্যাবের সহ-সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান বলেন, “সীমিত আয়তনের এই দেশে বিপুল জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে রিহ্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তবে এই খাতের টেকসই সম্প্রসারণ ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সিডিএর আন্তরিক সহযোগিতা ও নীতিগত সমর্থন অত্যন্ত জরুরি।
সিডিএর শীর্ষ কর্মকর্তারা রিহ্যাবের এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম শহরকে ভবিষ্যতের জন্য একটি আকর্ষণীয় রূপ দেওয়া মূলত আবাসন শিল্প উদ্যোক্তাদের মাধ্যমেই সম্ভব । নতুন মাস্টারপ্ল্যান সফল করতে রিহ্যাবের বাস্তবধর্মী পরামর্শ ও অংশীদারিত্বমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তারা ।
রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্থ্ বিনতে নুর এবং কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াঁজী নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় সিডিএর বিধিমালা মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা আবাসন ব্যবসায়ীদের প্ল্যান পাসসহ নকশাজনিত বিভিন্ন জটিলতা ও যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সিডিএ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন রিহ্যাব কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, আশীষ রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন এবং মুফাখখারুল ইসলাম খসরু ।
সিডিএর পক্ষে মহাপরিকল্পনা প্রকল্পের উপ-পরিচালক ড. নুরুল ইসলাম, সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) মোহাম্মদ জামিলুর রহমান, সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ ও প্রকল্প কনসালট্যান্ট শাহিনুল ইসলাম খান এবং প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামানসহ কারিগরি দলের প্রতিনিধিরা মাস্টারপ্ল্যানের আইনগত ও কাঠামোগত দিকগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থপতি ও আবাসন খাতের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।













