নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় শাহিদ হোসেন (৪৫) নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সাবেক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ ২২ আগস্ট (শনিবার) সকাল ৭টা ৫০ মিনিটে নিজ বাসভবনের ড্রয়িংরুমে এই ঘটনা ঘটে । মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত শাহিদ হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন । তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হাটহাজারী শাখায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি চাকরি ছেড়ে আইন পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মানসিক অবসাদ ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে ড্রয়িংরুম থেকে হঠাৎ গুলির শব্দ পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিহতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি নিয়ে । নিহত শাহিদের স্ত্রীর দাবি, তার স্বামীর কোনো লাইসেন্সকৃত অস্ত্র ছিল না এবং এই পিস্তলটি কোথা থেকে এসেছে সে বিষয়ে পরিবার সম্পূর্ণ অন্ধকার ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম সংবাদমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ঘটনাটিকে মানসিক বিপর্যস্ততা জনিত কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া পিস্তলটির কোনো বৈধ কাগজ ছিল কি না কিংবা এর উৎস কী, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অস্ত্রের লাইসেন্স ও উৎস নিয়ে ধোঁয়াশা: চট্টগ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিদ হোসেনের মৃত্যু
জনপ্রিয় সংবাদ













