নিজস্ব প্রতিবেদক :
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও একটি আধুনিক কর সংস্কৃতি গড়ে তুলতে কর আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব। মঙ্গলবার বিকেল ৬টায় নগরীর সিজিও বিল্ডিং-১-এ অবস্থিত চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ১ নম্বর মিলনায়তনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় কর আইনজীবীদের পেশাগত বিভিন্ন সুযোগ-সুবিধা, ই-ফাইলিং ও অনলাইন রিটার্ন দাখিলের বর্তমান পরিস্থিতি, আধুনিক কর ব্যবস্থাপনা এবং সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর আইনজীবীরা মাঠপর্যায়ে করদাতাদের বিভিন্ন সমস্যা এবং কর আইন সহজীকরণের বিষয়ে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। চেয়ারম্যান আইনজীবীদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন এবং একটি হয়রানিমুক্ত, স্বচ্ছ ও করদাতা-বান্ধব পরিবেশ নিশ্চিতে এনবিআরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সাগর।
গুরুত্বপূর্ণ এই সভায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী এবং সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সামগ্রিক রাজস্ব আয় বৃদ্ধিতে জাতীয় রাজস্ব বোর্ডের সকল ইতিবাচক উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং কর প্রশাসন ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।
















