
মাগুরা প্রতিনিধি,
পাল্টা-পাল্টি আহবায়ক কমিটি গঠনের পর এবার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন করে জেলার শ্রীপুর উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করেছে দলের জেলা কমিটির প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী পন্থীরা।
শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলা সদর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির পাল্টা কমিটির আহবায়ক জোয়ার্দার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন- অপর সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাবেক দুই সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন, আলী আহম্মেদ, আব্দুর রশিদ, অধ্যক্ষ মোহম্মদ আলী, আলী আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক মিহির কান্তি বিশ্বাস, মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক মইমুর আলী মৃধা, মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু প্রমুখ।
পরে শ্রীপুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে আশরাফুল আলম জোয়ারদারকে সভাপতি এবং খন্দকার আব্বাস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান দেশে কোন গণতন্ত্র নেই। সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। তবে সরকারের কোন অত্যাচার নির্যাতন বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না।
বিএনপি আর আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না।
এর আগে গত ডিসেম্বর মাসে শেষ দিকে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম তার পছন্দের লোকদের নিয়ে শ্রীপুর উপজেলা বিএনপির একটি আহবায়ক কমিটি গঠন করেছিলেন।
এর পরপর প্রথম যুগ্ম আহবায়ক তার সমর্থিত নিয়ে পাল্টা একটি আহবায়ক কমিটি গঠন করেন।












