বিশেষ প্রতিনিধি :
মেগা প্রকল্পের অগ্রগতি যাচাই এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ এক ঠাসা কর্মসূচির সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে এসে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তাঁর সফর শুরু হয়।
মাতারবাড়িতে পৌঁছেই প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক গেম-চেঞ্জার প্রকল্পগুলোর কাজের অগ্রগতি সরাসরি পরিদর্শনে যান।
দুপুরের দিকে প্রধানমন্ত্রী আকাশপথে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় সর্বস্ব হারানো মানুষের মাঝে পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মিত নতুন চাবি ও ঘর হস্তান্তর করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টায় ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করবেন।
চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেল অডিটরিয়ামে আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে সফরের সমাপ্তি টানবেন প্রধানমন্ত্রী।











