ইকবাল উদ্দিন
চট্টগ্রামের লোহাগাড়ার সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা আব্বাস উদ্দিনের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আব্বাস উদ্দিনের চিকিৎসার সার্বিক অগ্রগতি ও খোঁজখবর নেন। পরে তিনি চিকিৎসাধীন এই নেতার পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান হস্তান্তর করেন। যুবদল সভাপতি স্পষ্ট জানান, আব্বাস উদ্দিনের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা সংগঠন ও দলের পক্ষ থেকে অব্যাহত রাখা হবে।
সকালে দলীয় কার্যালয়ের বাইরে সম্পন্ন হওয়া এই মানবিক কার্যক্রমে কেন্দ্রীয় সভাপতি মুন্নার সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম এবং সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম যুবদলের তিন সাংগঠনিক জেলার একঝাঁক শীর্ষ নেতা।













