নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, কিশোর গ্যাং কালচার ও মাদক নির্মূলের পাশাপাশি হকারদের পুনর্বাসনে অভিনব ‘নাইট মার্কেট’ বা রাতের বাজার চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্র্যাশ প্রোগ্রাম জোরদার করার কথাও জানান তিনি।
চট্টগ্রাম জেলার বিশেষ আইনশৃঙ্খলা সভায় চসিক মেয়র একগুচ্ছ যুগোপযোগী ও মানবিক পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি রুখতে শুধু আইনি ব্যবস্থা বা বলপ্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক প্রতিরোধ ও পারিবারিক নৈতিক শিক্ষা”।
নগরের ফুটপাত হকারমুক্ত করার চলমান কঠোর উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মেয়র ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, সাধারণ পথচারীদের ভোগান্তি না বাড়িয়ে নির্দিষ্ট সময়ে ও সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার জন্য আগ্রাবাদ ও চকবাজারের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পরীক্ষামূলকভাবে ‘নাইট মার্কেট’ মডেল শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে পুরো নগরীতে বিস্তৃত করা হবে। এর ফলে দিনের বেলা ফুটপাত সম্পূর্ণ ফাঁকা ও যানজটমুক্ত থাকবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।
এছাড়াও নগরে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়র জানান, আক্রান্তের ডেটা ও লার্ভার ঘনত্বের ওপর ভিত্তি করে পুরো নগরীকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে চসিকের মশক নিধন দল মাঠে কাজ করছে।
মশার বংশবিস্তার রোধে তিনি নগরবাসীকে ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ স্লোগানটি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সাথে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চসিকের উদ্যোগে নির্মিত কুলগাঁও বাস টার্মিনালটি খুব দ্রুত উদ্বোধনের ঘোষণা দেন তিনি।













