বিশেষ প্রতিবেদক
দেশের জ্বালানি নিরাপত্তায় যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামের নতুন একটি চালান আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ কার্গো বিমানে করে দুপুরের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এই পারমাণবিক জ্বালানি।
এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইটটি কিছুটা বিলম্বিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত কূটনৈতিক ও কৌশলগত তৎপরতায় রুট পরিবর্তন করে চীনের আকাশসীমা ব্যবহার করে এই জ্বালানি বাংলাদেশে আনা হচ্ছে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, আজ বিমানবন্দরে চালানটি খালাস করার পর সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর আগামীকাল শনিবার কঠোর সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে এই ইউরেনিয়াম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় সব কয়টি চালানের সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে। সব চালান ঠিকঠাক এসে পৌঁছালে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে, যা দেশের জাতীয় গ্রিডে বড় অঙ্কের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যুক্ত করবে।
আন্তর্জাতিক মানদণ্ড এবং সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করে এই পারমাণবিক জ্বালানি পরিবহন ও মজুদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে রূপপুর কর্তৃপক্ষ ও যৌথ নিরাপত্তা কমিটি।













