তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ শিল্প এলাকায় নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুদ রাখার দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০ দশমিক ০৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি) সরকারি লাল গম জব্দ করা হয়েছে।
গতকাল ১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, খাদ্য অধিদপ্তর এবং বিশেষায়িত টিম এসআরবি-৭, চট্টগ্রাম।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নাসিরাবাদ এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া ও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য অধিদপ্তরের গম মজুদ করে কালোবাজারির চেষ্টা করছে—এমন একটি গোপন সংবাদ আসে প্রশাসনের কাছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বায়েজিদের নাসিরাবাদ এলাকার ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’-এ আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মিলের ভেতরে বিপুল পরিমাণ সরকারি লাল গমের অবৈধ মজুদের সত্যতা মেলে, যার স্বপক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি। পরে লাইসেন্সবিহীন সরকারি পণ্য মজুদের অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মজুদে থাকা ১২০.০৫ টন গম সিলগালা করে জব্দ করা হয়।
অভিযান শেষে এসআরবি-৭, চট্টগ্রামের এক কর্মকর্তা জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু চক্রের সরকারি খাদ্যশস্য লোপাটের চেষ্টা রুখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ ধরণের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বর্তমানে জরিমানাকৃত অর্থ আদায় ও জব্দকৃত বিপুল পরিমাণ গম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।













