তৈয়ব চৌধুরী
চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামি থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ কামাল (২২)-কে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাবের যৌথ দল।
গত ৬ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর থানার লিংক রোড মোড় সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৭ (চট্টগ্রাম) এবং র্যাব-১৫ (কক্সবাজার)-এর যৌথ আভিযানিক দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় নির্মমভাবে খুন হন কামরুল। এই ঘটনায় বায়েজিদ থানায় ৩০২/৩৪ পেনাল কোড ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৬)। ঘটনার পর থেকেই মামলার প্রধান অভিযুক্ত মোঃ কামাল আইনি চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, আসামি কামাল পরিচয় লুকিয়ে কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের সত্যতা যাচাই করে গত ৬ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর আভিযানিক দল কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত লিংক রোড মোড়ে যৌথ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কামাল (২২) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ডোবারপাড় জামতলা (সালাম সাহেবের কলোনি) এলাকার মোরাদের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।













