সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে একটি ‘বিজ্ঞপ্তি’ প্রকাশের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও টাইমলাইনে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের স্বাক্ষর সংবলিত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৩টি আবাসিক হলের কমিটি গঠনের উদ্দেশ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (সিভি) পাঠানোর আহ্বান জানানো হয়।
নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে হল কমিটি দেওয়ার এমন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর মধ্যরাতেই ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ছাত্রদের তিনটি আবাসিক হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে তৎপরতা চালানোর অপচেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল কোনোভাবেই তাদের এই উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেবে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের নামে বিশ্ববিদ্যালয়ের হল কমিটি গঠনের বিজ্ঞপ্তি দেওয়া প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, এই বিজ্ঞপ্তির পেছনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যেন দ্রুত শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়নি। ক্যাম্পাসজুড়ে বর্তমানে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।













