ইকবাল উদ্দিন ভুঁইয়া
দেশবিরোধী যেকোনো ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রুখে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান-এর পক্ষে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ বিশেষ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ২টা থেকে চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন শান্তিবাগ, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, ডিইসি, টাইগারপাস, চৌমুহনী, আগ্রাবাদ বাদামতলী মোড়, বড়পুল ও নয়াবাজারসহ প্রধান প্রধান মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতা-কর্মীরা একযোগে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে নয়াবাজার বিশ্বরোড মোড়ে এসে এই অবস্থান কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার ফাঁদে পা না দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করাই এই অবস্থানের মূল লক্ষ্য ছিল বলে নেতা-কর্মীরা জানান।
এক বিশেষ বার্তায় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সংগ্রাম কোনো ক্ষণিকের কর্মসূচি নয়—আমরা অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। কারণ আলোকে তার প্রকৃত অর্থ বুঝতে হলে অন্ধকারকেও চিনতে হয়।”
তিনি আরও যোগ করেন, অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধও ততবার জেগে উঠবে। আজকের এই কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংহত উপায়ে সফল করায় তিনি দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণের প্রতি বিনীত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



















