নিউজ ডেস্ক :
রাজধানীর শেরেবাংলা নগরের সরকারি জাতীয় সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম মোছা. মরিয়ম খাতুন (১৯)।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার সন্ধ্যার পর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানা-পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর ঝুলন্ত দেহ দেখতে পায় তারা। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে সাধারণ পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক টানাপোড়েন চলছিল তাঁদের মধ্যে। এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম এই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। এই নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় এবং তাঁর সংসদ সদস্যপদ বাতিলের জন্য স্পিকার বরাবর চিঠি দেওয়া হয়েছিল।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও চূড়ান্ত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।























