নিজস্ব প্রতিবেদক
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল চট্টগ্রামে। দক্ষিণ চট্টগ্রাম বিএনপির সম্মানিত নেতা জনাব আলী আব্বাসের জ্যেষ্ঠ পুত্রের শুভ বিবাহ অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ লুৎফুজ্জামান বাবর এবং চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত তরুণ সংসদ সদস্য ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাঈদ আল নোমানের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
জমকালো এই বিবাহ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় দুই রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের এই সাক্ষাৎ উপস্থিত সুধীজন ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

পারিবারিক সূত্র জানায়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক এক শিক্ষার্থীর সাথে আলী আব্বাসের জ্যেষ্ঠ পুত্রের এই শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বর-কনেকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে অনুষ্ঠানস্থলে আসেন।
অনুচ্ছদে দুই নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের খোঁজখবর নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতা লুৎফুজ্জামান বাবর এবং জুলাই উত্তর নতুন বাংলাদেশের তরুণ ও উদীয়মান সংসদ সদস্য সাঈদ আল নোমানের এই আন্তরিক আলাপচারিতাকে উপস্থিত অনেকেই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক এবং রাজনৈতিক আবহের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
বিবাহ অনুষ্ঠানে বরের পিতা আলী আব্বাস আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বর-কনের নতুন জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।






















